সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে শিবাজির নেতৃত্বে মারাঠা জাতির অভ্যুত্থান ভারত ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সামান্য এক জায়গিরদারের পুত্র হয়েও কেবলমাত্র নিজ প্রতিভা, দক্ষতা, নিষ্ঠা ও সামরিক বলে তিনি শতধাবিভক্ত মারাঠাদের ঐক্যবদ্ধ ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ ক’রে, তৎকালীন ভারতের তিনটি প্রধান শক্তির বিরুদ্ধে সংগ্রাম ক’রে এক স্বাধীন শক্তিশালী রাজ্য গঠন করেন। এ বিষয়ে প্রবাদপ্রতিম ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের অভিমত জানতে এই বইটি অবশ্যপাঠ্য।
বইটির প্রারম্ভে, স্যার যদুনাথ দাক্ষিণাত্যের ভূগোল, সমাজগঠন ও মারাঠা জনসমাজের রাজনৈতিক চেতনার অন্তঃস্থ প্রবাহগুলিকে দক্ষতার সঙ্গে চিহ্নিত করেন। পারিবারিক পরিমণ্ডলসঞ্জাত ঐতিহ্য ও অনুশাসনের প্রভাব শিবাজীর কৈশোর ও তারুণ্যের মানসগঠনকে কীভাবে পরিপুষ্ট করেছিল, লেখক তা বিশদে বিশ্লেষণ করেন। স্থানীয় কেল্লাভিত্তিক প্রতিরক্ষা, গেরিলা-কৌশল, দ্রুত আক্রমণ ও প্রত্যাহার- শিবাজীর অভিনব যুদ্ধপদ্ধতি কীভাবে সুবিশাল মুঘল সেনাবাহিনীকে বারবার বিড়ম্বিত করেছিল, স্যার যদুনাথ তার ব্যাখ্যা-সহ উদাহরণ দিয়েছেন। জয়সিংহের সঙ্গে শিবাজির কূটনৈতিক আলাপ-আলোচনা, পুরন্দরের সন্ধি, ঔরঙ্গজেবের সঙ্গে আগ্রায় সাক্ষাৎ, সম্রাট কর্তৃক অপমানের প্রতিবাদ, পরিণামে অবরুদ্ধ হওয়া এবং তারপর সেখান থেকে নাটকীয় মুক্তি- তথ্যঋদ্ধ অধ্যায়গুলি সাধারণ পাঠকের মনেও রোমাঞ্চ ও আগ্রহের সঞ্চার করে।
একইসঙ্গে, শিবাজিকে নিছকই এক হিন্দুরাজ্য প্রণেতা তথা মারাঠা জাতির জন্মদাতা হিসেবে দেখার সাধারণ প্রবণতাকে স্যার যদুনাথ প্রশ্নবিদ্ধ করেছেন। শিবাজির প্রশাসনিক সংস্কার, করব্যবস্থা, রাজস্বনীতি, সমুদ্র-সীমান্তে দ্বন্দ্ব, কোঙ্কণ অঞ্চলের কৌশলগত গুরুত্ব- সবই তাঁর আলোচনায় এসেছে প্রসঙ্গক্রমে। শিবাজির রাজ্যাভিষেককে ঘিরে ধর্ম-আচার ও জাতিগত বিতর্ক, তাঁর ধর্মনিরপেক্ষতা ও বাস্তববাদী নীতি সম্পর্কে যদুনাথের তথ্যনিষ্ঠ মূল্যায়ন আজও মূল্যবান।
পারসিক-দাক্ষিণাত্য দলিল, শিলালিপি, সমকালীন বৃত্তান্ত এবং অভিলেখাগার থেকে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে স্যার যদুনাথ তাঁর অননুকরণীয় স্বাদু, প্রাঞ্জল অথচ অ্যাকাডেমিক ভাষায় শিবাজির জীবন ও সময়ের যে সমালোচনামূলক ইতিহাসচিত্র নির্মাণ করেছেন, তা আজও সার্থক ইতিহাসচর্চার মানদণ্ড হিসেবে পরিগণিত হতে পারে। এই মহান মারাঠাবীরের দুর্দমনীয় সাহস, দূরদর্শিতা ও রাষ্ট্রগঠন-কুশলতা যেমন লেখকের সাধুবাদ পেয়েছে, তেমনই তাঁর বিবিধ সীমাবদ্ধতাকেও তিনি এড়িয়ে যাননি।
সব মিলিয়ে, স্যার যদুনাথ সরকার বিরচিত শিবাজী একটি অনন্য গ্রন্থ। মিগমুক্ত শিবাজির জীবন ও সময়কে নির্মোহভাবে জানতে হলে বইটি নির্বিকল্প।
SAHAJ SARAL BANGLA BYAKARAN-1 / সহজ সরল বাংলা ব্যাকরণ - প্রথম ভাগ
Amader Bigyen O Paribesh-3 / আমাদের বিজ্ঞান ও পরিবেশ-৩
উত্তরকথা / UTTAR KATHA (Gautam Das)
আবৃত্তি সৃষ্টির মুহূর্ত / ABRITTI SRISTIR MUHURTA 
Reviews
There are no reviews yet.